প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2026 ইং
শিক্ষাবোর্ডে ফল জালিয়াতি আটক ৩ জন

এম মনির চৌধুরী রানা
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বোর্ডের প্রোগ্রামারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৮ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হলেও শনিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি প্রকাশ্যে আসে।
সিআইডির ঢাকার বিশেষায়িত তদন্ত ইউনিটের হিনিয়াস ক্রাইম শাখার পরিদর্শক মো. রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে বুধবার রাতেই তাদের থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।ওসি মোজাম্মেল হক বলেন, সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং বোর্ডের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)।
ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরীর হালিশহরে এবং মো. আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। তিনি চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বসবাস করতেন।
সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ফল জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে এ ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের প্রোগ্রামারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ জালিয়াতির ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগ ওঠে। পরে অভ্যন্তরীণ তদন্তে ফল জালিয়াতির ঘটনা প্রমাণিত হওয়ায় গত ২৯ অক্টোবর চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন। মামলায় অভিযুক্ত শিক্ষার্থী হাসিবুল আলী শোভন এবং বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, মো. রাশেদুল ইসলাম ও নূর হোসেন রায়হানকে এজাহারনামীয় আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, শিক্ষার্থীর বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪-কে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩-কে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-কে ৮২ করা হয়। গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর বসানো হয়।
এর আগে ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় থানা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করলেও তাতে নানা অসংগতি থাকায় আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেননি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট